ভ্যাকসিনকে গ্লোবাল পাবলিক গুডস ঘোষণার ব্যাপারে জোর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

মহামারি মোকাবিলায় ভ্যাকসিনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভ্যাকসিনকে গ্লোবাল পাবলিক গুডস ঘোষণা করার মাধ্যমে সবার কাছে সাশ্রয়ী ও সহজলভ্য করার ওপর জোর দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবররীন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, বুধবার (৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের আয়োজনে অনুষ্ঠিত ভার্চুয়াল কোভিড-১৯ গ্লোবাল অ্যাকশন প্ল্যান (জিএপি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আব্দুল মোমেন ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশগুলোকে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার (আইপিআর) এবং প্রযুক্তি স্থানান্তরের জন্য উপযুক্ত বিধানের মাধ্যমে ভ্যাকসিন তৈরির নিজস্ব সক্ষমতা বিকাশে উন্নত দেশগুলোর নৈতিক প্রতিশ্রুতির আহ্বান জানান।

এ সময় আব্দুল মোমেন করোনা মহামারি ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ সাফল্যের কথা তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গ্লোবাল কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড হেলথ সিকিউরিটি বিভাগের সমন্বয়ক মেরি বেথ গুডম্যান বৈঠকটি সঞ্চালনা করেন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উদ্বোধনী বক্তব্য দেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসা, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসাসসহ আরও ২০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশ নেন।