উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ কলকাতার সহ-সম্পাদক ড. শান্তনু সেনগুপ্ত, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, বাংলাদেশ এর অধ্যাপক শিল্পী এ এফ এম শিপু মনিরুজ্জামান।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক এ প্রদর্শনীতে ভারতের ৬০ জন ও বাংলাদেশের ৩০ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ কলকাতার সহ-সম্পাদক ড. শান্তনু সেনগুপ্ত জানান, বাংলাদেশের যশোরে এটা তাদের তৃতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। এ ধরণের আয়োজন দুই দেশের শিল্পীদের মধ্যে ভাব, অভিজ্ঞতা ও চিন্তার আদান-প্রদান ঘটায়; যা পরবর্তীতে উভয় দেশের শিল্পীদের শিল্পকর্মে প্রতিফলিত হয়।
মৈত্রী চিত্রভাষ-এর স্থানীয় আয়োজক প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজীন খান বলেন, “সাধারণত এ ধরনের আয়োজন রাজধানীকেন্দ্রিক হয়ে থাকে। রাজধানী থেকে অনেক দূরে সাধারণ মানুষের কাছে আমরা এরকম বড় আয়োজন নিয়ে এসেছি। দক্ষিণ এশিয়া, প্রাচ্য, দূরপ্রাচ্যের দেশগুলোর শিল্পীদের সঙ্গেও এ ধরনের প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে।”