একুশে পদক পাচ্ছেন ১৯ বিশিষ্ট ব্যক্তি, জাতীয় জাদুঘর ও বিদ্যানন্দ ফাউন্ডেশন

বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক। (ফাইল ছবি)

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব এ বছর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক পাচ্ছেন। এছাড়া, দু’টি প্রতিষ্ঠানকেও নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় রবিবার (১২ ফেব্রয়ারি) তাদের নাম ঘোষণা করেছে।

ভাষা আন্দোলনে অবদানের জন্য নির্বাচিত হয়েছেন; খালেদা মনযুর-এ-খুদা, মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক (মরণোত্তর) এবং হাজী মোহাম্মদ মজিবর রহমান। অভিনয়ে অবদানের জন্য; মাসুদ আলী খান ও শিমূল ইউসুফ এবং সঙ্গীতে মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর) নির্বাচিত হয়েছেন। একুশে পদকের জন্য আরো নির্বাচিত হয়েছেন, জয়ন্ত চট্টোপাধ্যায় (শিল্পী), নওয়াজীশ আলি খান (শিল্পী) এবং কনক চাঁপা চাকমা (শিল্পী)।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য নির্বাচিত হয়েছেন মমতাজ উদ্দিন (মরণোত্তর); এছাড়া, সাংবাদিকতার জন্য শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণার জন্য আব্দুল মজিদ, শিক্ষার জন্য অধ্যাপক ড. মযহারুল ইসলাম (মরণোত্তর), সমাজসেবায় সাইদুল হক, অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) নির্বাচিত হয়েছেন। রাজনীতির জন্য আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ড. মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

এছাড়া একুশে পদকের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন; এ দুটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে।