বাংলাদেশে বসন্তবেলায় বাড়লো শীত। মঙ্গলবার (১৪ ফেব্রয়ারি) বসন্তের প্রথম দিনে বাংলাদেশের ৭ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যান্য অঞ্চলেও ঋতুর চরিত্র অনুযায়ী কিছুটা তীব্রতর শীত অনুভূত হচ্ছে। সঙ্গে আছে মাঝারি ধরনের কুয়াশা।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় টেকনাফে।
এছাড়াও, সারাদেশেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।