বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায় জাপান—রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, বাংলাদেশের প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করতে তিনি জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য উৎসাহিত করবেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশের জাতীয় উন্নয়নে আরও সম্পৃক্ত হতে চায় জাপান।

তিনি চট্টগ্রাম পৌরসভার ড্রেনেজ ব্যবস্থায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

ইওয়ামা কিমিনোরি বলেন, বেশ কিছু জাপানি কোম্পানি এখানে বিনিয়োগ করতে আগ্রহী।

নারায়ণগঞ্জ শহর এবং জাপানের নারুতো শহরের মধ্যে মিল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “একটি শহরভিত্তিক অংশীদারি চুক্তি হতে পারে যা দুই শহরকে উপকৃত করবে”।

ইওয়ামা কিমিনোরি আরও বলেন, বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক চায় জাপান।

তিনি উল্লেখ করেন, অবকাঠামো ও অন্য সুযোগ-সুবিধা বাড়ালে আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপান বিনিয়োগ বাড়াবে।

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের মতো বড় প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে জানান ইওয়ামা কিমিনোরি।

মন্ত্রী তাজুল ইসলাম তথ্য ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক খাতে সহযোগিতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

তারা জাপানের সহায়তায় বাংলাদেশে চলমান বেশ কয়েকটি প্রকল্পের বিষয়ে কথা বলেন এবং দুজনই উন্নয়নমূলক কাজে সহযোগিতা জোরদারের ওপর জোর দেন।