সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শুরু হয়েছে শিবচতুর্দশী মেলা

সীতাকুণ্ডের শিবচতুর্দশী মেলা

বাংলাদেশর সীতাকুণ্ডে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব শিবচতুর্দশী মেলা পাহাড় চূড়ার চন্দ্রনাথ ধামে শুরু হয়েছে এই উৎসব। সীতাকুণ্ড পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির ঘিরে শিবচতুর্দশী মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রশাসন ও মেলা কমিটির সমন্বয়ে নেওয়া হয় উৎসবের প্রস্তুতি। রয়েছেকঠোর নিরাপত্তা ব্যবস্থা। মেলাকে উপলক্ষে কয়েকদিন ধরে দেশ-বিদেশ থেকে ভক্ত-দর্শনার্থীরা আসছেন সীতাকুণ্ডে। যাত্রীদের সুবিধার্থে সীতাকুণ্ডে দাঁড়াবে সাতটি এক্সপ্রেস ট্রেন।

মেলায় প্রতি বছরের মতো এবারও ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকে ভক্ত দর্শনার্থীদের আগমন ঘটবে। প্রাচীন এই প্রাচীন ধর্মীয় উৎসবে যোগ দিতে প্রতি বছর হাজার হাজার ভক্ত আসেন চন্দ্রনাথ ধামে।

যথারীতি পাহাড়ের পাদদেশ থেকে চন্দ্রনাথ মন্দির পর্যন্ত প্রচুর আলোর ব্যবস্থা করা হয়েছে। কঠোর নিরাপত্তাসহ মেলা জন্য সব আয়োজন শেষ হয়েছে বলে জানিয়েছেন মেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী।সীতাকুণ্ড সনাতন ধর্মাবলম্বীদের তীর্থভূমি হলেও, শিবচতুর্দশীতে এখানে জাতি-ধর্ম নির্বিশেষে মহামানবের মিলন তীর্থে পরিণত হয়।

আয়োজকেরা জানান, বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে চন্দ্রনাথ ধাম একটি পুণ্যতীর্থ পীঠ। বহু শতাব্দী প্রাচীন এই তীর্থভূমিতে মেলার আয়োজন হচ্ছে অন্তত ৩০০ বছর ধরে। ফাল্গুন মাসের শিবচতুর্দশী তিথিতে (শিবরাত্রি) চন্দ্রনাথ ধামকে ঘিরে শুরু হয় তিন দিনের মেলা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ২০০ ফুট উঁচুতে তৈরি করা হয়েছে এখানকার প্রাচীন মঠ-মন্দির। চতুর্দশী তিথিতে সনাতন ধর্মবিস্বাসী পুণ্যার্থীরা স্নান-তর্পণ ও পিণ্ডদান করেন। সীতাকুণ্ডে থাকা অন্তত ৫০টি মঠ-মন্দির পরিক্রমা করবেন তারা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, এবারের মেলাকে ঘিরে পাঁচ শতাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।