পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের দুই নেতা আটক

চাঁদপুর থেকে একুশে বইমেলায় আসা একদল দর্শনার্থীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে বৃহস্পতিবার (১৬ ফেব্রয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার কালী মন্দিরের সামনে থেকে, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক দু’জন হলেন; সার্জেন্ট জহুরুল হক হলের রাজীব হোসেন রবিন ও মাস্টারদা সূর্য সেন হলের মোহাইমিনুল ইসলাম ইমন। তারা দু’জনই নিজ নিজ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। শাহবাগ থানা পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐ দুই শিক্ষার্থী পুলিশ পরিচয় দিয়ে বইমেলায় আসা একদল দর্শনার্থীকে বাধা দেয়। তারা দর্শনার্থীদের বিরুদ্ধে অভিযোগ করে যে দর্শনার্থীরা মাদক পাচার করছিল এবং তাদের দেহ তল্লাশি করে। কোনো মাদক দ্রব্য না পেয়ে তাদের কাছ থেকে এক হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় তারা।

পুলিশ সূত্র আরও জানায় যে ভুক্তভোগীরা চাঁদপুরে ফিরে যাওয়ার মতো টাকা নেই বললে, তাদের ৬০০ টাকা ফেরত দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। ভুক্তভোগীরা তাদের ছিনতাইকারী বলে সন্দেহ করে এবং চিৎকার শুরু করে। এ সময় আশেপাশের লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, “তাদের হাতেনাতে আটক করা হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করেছি। ভুক্তভোগীরা শাহবাগ থানায় অভিযোগ দায়ের করায় আমরা তাদের পুলিশ হেফাজতে রেখেছি।” তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।