ইমামদের কথা সমাজের কাছে গুরুত্ব বহন করে: শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী দীপু মনি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন যে সমাজে ইমামদের কথা অনেক গুরুত্ব বহন করে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর শহরে, শিক্ষামন্ত্রীর নিজ বাসভবনে চাঁদপুর জেলার সদর উপজেলার আওতাধীন মসজিদের খতীব ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, “মানুষকে সঠিক পথে রাখা আপনাদের একটা বড় দায়িত্ব। একটি চক্র বর্তমানে বইয়ের মাধ্যমে ইসলাম ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে অপপ্রচার করছে। যারা অপপ্রচার ও মিথ্যাচার করছে তাদের বিচার আপনাদের কাছে দিলাম। যখন সমাজের মানুষের সঙ্গে কথা বলবেন বা পথপ্রদর্শন করবেন তখন সঠিক কথা বলবেন।”

শিক্ষামন্ত্রী বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আপনাদের ভোটের কারণে আমি এতবড় সম্মানের স্থানে যেতে পেরেছি। আপনাদের মাথা ছোট হয় এমন কোন কাজ আমি কখনো করিনি। অভিযোগ উঠলে তার সত্যতা যাচাই করতে হবে। মিথ্যা প্রচারে অংশ নিলে, নিজের দায়িত্ব পালন করা হয় না।”

দীপু মনি বলেন, “বর্তমানে পরিবর্তনের গতি অনেক বেশি। এখন ক্ষণে ক্ষণে নতুন নতুন প্রযুক্তি আসছে। যেটা সত্য না, তা বইতে আসতে পারে না। একটি চক্র বলছে বানর থেকে মানুষ হয়েছে, এ কথাটা ছড়াচ্ছে। আর কিছু মানুষ তার পেছনেই দৌড়াচ্ছে যাচাই না করে।”