সরকার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সরকার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা দেশ ও এর প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে।” শুক্রবার (১৭ ফেব্রয়ারি) রাজধানী ঢাকার মতিঝিল থেকে এবং উত্তরার থেকে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। এই কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব আরো বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তাদের সামিট ফর ডেমোক্রেসিতে আমন্ত্রণ জানায়নি। এটা লজ্জার বিষয়।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মৌন পদযাত্রার মাধ্যমে তারা নগরবাসীকে বর্তমান সরকারের দুঃশাসন ও দমন মূলক কর্মকাণ্ড এবং দেশ পরিচালনায় ব্যর্থতা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আওয়ামী লীগ সব সময় শক্তির জোরে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়। আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি ও দেশের মানুষ আর নির্বাচনে যাবে না।” তিনি বলেন, “সাধারণ মানুষ ক্রমশ দরিদ্র হচ্ছে আর ক্ষমতাসীন দলের লোকেরা দুর্নীতি ও লুটপাট করে ধনী হচ্ছে।”

“সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বেআইনিভাবে ক্ষমতায় বসেছে। তারা (সরকার) এখন পুলিশকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও দমন-পীড়ন করছে;” উল্লেখ করেন বিএনপি মহাসচিব। বলেন, “বর্তমান জাতীয় দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সমস্যা সমাধান করা সম্ভব না হওয়ায়, সংবিধান সংশোধন করতে হবে।”

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবির সমর্থনে পৃথক মৌন মিছিল করেছে বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর শাখার নেতাকর্মীরা।
রাজধানী ঢাকার মতিঝিল থেকে নয়াবাজার পর্যন্ত পদযাত্রা করে বিএনপি ঢাকা দক্ষিণ মহানগর।এই পদযাত্রায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। উত্তরা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত মিছিল করেন বিএনপির ঢাকা উত্তর মহানগর শাখার নেতাকর্মীরা। এই পদযাত্রায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল মঈন খান ও আবদুল আউয়াল মিন্টু ও খন্দকার মোশাররফ হোসেন।