বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪ জন

ফাইল ছবি- হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীকে সেবা দিচ্ছেন একজন নার্স।

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার (২০ ফেব্রয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে। আর, এ সময়ে সংক্রমিত হয়েছেন আরও ৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে দুইজন ঢাকায় এবং বাকি দুইজন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন।বাংলাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে, ১৫ জন ঢাকায় এবং ১১ জন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৩৫ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৬৪ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৬৬৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩১৪ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৫০ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। চলতি বছর ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।