গ্রিড লাইন বিকল হওয়ায় ঢাকা শহরের ব্যাপক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

বাংলাদেশের রাজধানী ঢাকার আমিনবাজার থেকে আগারগাঁও পর্যন্ত ২৩০ কিলোভোল্ট-এর গ্রিড লাইন মঙ্গলবার (২১ ফেব্রয়ারি) ভোর ৫টা ৫০ মিনিটে বিকল হয়ে যাওয়ায়, মোহাম্মদপুর ও মিরপুর এলাকাসহ ঢাকা শহরের পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে রাজধানী শহবের ব্যাপক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।

পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিজিসিবি) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। পিজিসিবি’র জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা সুমন বলেন, “ভোর ৫টা ৫০ মিনিটে বিদ্যুতের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়।” তিনি বলেন, “এটি সিস্টেমের প্রযুক্তিগত ত্রুটি নয়; ঘন কুয়াশার কারণে অনেক সময় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, এবারো সম্ভবত তাই ঘটেছে।”

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ও ঢাকা সেনানিবাস এবং রাজধানী শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহের অন্যতম প্রধান উৎস আমিনবাজার-মোহাম্মদপুর গ্রিড লাইন। নিয়মিত গ্রাহক বিদ্যুৎবিহীন থাকলেও এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় বিকল্প উৎসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।

ডিপিডিসি’র (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) মোহাম্মদপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, সকাল বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যায়।