এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বাংলাদেশে কারও মৃত্যু হয়নি। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৫ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আক্রান্তদের মধ্যে ৩ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ২ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১২ জন ঢাকার মধ্যে এবং ১০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৪১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৭২ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৬৮২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩২৩ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৫৯ জন ঢাকার বাইরের অন্য জেলার বাসিন্দা।
এ ছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।