অডিও ফাঁসের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারীকে অব্যাহতি

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য এবং একজন চাকরিপ্রার্থীর মধ্যে কথোপকথনের বেশ কয়েকটি অডিও ক্লিপ ফাঁস হওয়ার ঘটনায় উপাচার্যের ব্যক্তিগত সহকারীকে (পিএস) অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

জানা যায়, বুধবার রাতে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম পিএস আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, “ভিসি স্যার গতরাতে (বুধবার) আমাকে ডেকেছিলেন। কিন্তু শরীর খারাপ থাকায় যেতে পারিনি। তাই সকালে এসে অব্যাহতির আদেশপত্র প্রস্তুত করেছি। ভিসি স্যার শুধু তাকে অব্যাহতি দেওয়ার কথা বলেছেন। কোনো কারণ জানাননি”।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি কয়েকটি অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর ইবির তিনটি বিভাগের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে কর্তৃপক্ষ।

ফেসবুকে ভাইরাল হওয়া মোট পাঁচটি অডিও ক্লিপের মধ্যে তিনটি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন চাকরিপ্রার্থী অলিউর ও উপাচার্যের মধ্যে হওয়া কথোপকথন এবং বাকি দুটি উপাচার্যের সঙ্গে একটি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার কথোপকথন।

অলিউর ও উপাচার্যের মধ্যে হওয়া কথোপকথনের অডিও ক্লিপগুলোর একটিতে উপাচার্য অলিউরকে বিভাগের নিয়োগ বোর্ডের শর্ত অনুসারে আরও দুজন প্রার্থী জোগাড় করতে বলেছিলেন।