জাতীয় উন্নয়নে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন অপরিহার্য: স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম

জাতীয় উন্নয়নে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন অপরিহার্য বলে উল্লেখ করেছেন বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। শুক্রবার (২৪ ফেব্রয়ারি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ, প্ল্যানিং উইক-২০২৩ উপলক্ষে আয়োজিত স্পেশাল প্ল্যানিং ফর দ্য ফিউচার শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।এলজিআরডি মন্ত্রী বলেন, “মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার পরিকল্পনা নেয়। সমন্বিত উদ্যোগের ফলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হ্য়।”

তাজুল ইসলাম বলেন, “সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে, ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এমনকি আগামী একশত বছরের জন্য, বাংলাদেশের পথ পরিক্রমা, ডেল্টা প্ল্যান প্রণয়ন করা হয়েছে।” জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় পরিকল্পনাবিদদের ভূমিকা রাখার আহ্বান জানান এলজিআরডি মন্ত্রী।

বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একসঙ্গে কাজ করার সুযোগ আছে বলে জানান তাজুল ইসলাম।এ প্রসঙ্গে তিনি দুই প্রতিষ্ঠানের মধ্যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (সমঝোতা স্মারক) সইয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় এলজিআরডি মন্ত্রী বলেন, “বাসযোগ্য ঢাকা শহরের জন্যই বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) করা হয়েছে। পরিকল্পিত ঢাকার জন্য পরিকল্পনাবিদসহ সকলকে সচেতন হতে হবে।”