২০১৬ সালের পর প্রথম সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল

ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল।

বাংলাদেশ সফরে শুক্রবার (২৪ ফেব্রয়ারি) সকালে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল।২০১৬ সালের পর ইংল্যান্ড দলের এটা প্রথম বাংলাদেশ সফর। ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে নির্ধারিত এই সফরটি কোভিড-১৯ মহামারীর কারণে স্থগিত করা হয়েছিল। এই সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং তিনটি টুয়েন্টি-২০ আন্তর্জাতিক (টি-টোয়েন্টি) ম্যাচ ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ২০২২ সালের ডিসেম্বরে বলেছিলেন যে তিনি বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেওয়ার জন্য আগ্রহী। তিনি বলেছিলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে তারা ২০১০ সালের পর থেকে কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি। তিনি স্বাগতিকদের কাছ থেকে একটি চ্যালেঞ্জিং প্রতিযোগিতা আশা করেন।

আগামী ১ মার্চ থেকে ঢাকায় শুরু হচ্ছে এই সিরিজ। এর জন্য ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। পুরো দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন চন্ডিকা হাথুরুসিংহে। রাসেল ডোমিঙ্গোর বিদায়ের পর দুই বছরের জন্য হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। হাথুরুসিংহে ক্রিকেটের তিন ফরম্যাটের দায়িত্বে থাকবেন।

আগামী ১ ও ৩ মার্চ ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ওয়ানডে এবং ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সবগুলো ওয়ানডে শুরু হবে স্থানীয় সময় দুপুর আড়াইটায়।

আগামী ৯ মার্চ চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ। ১২ ও ১৪ মার্চ ঢাকায় আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব ধরনের টি-টোয়েন্টি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।