বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। আর এর মধ্যেই অর্থনীতিকে সচল রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে সরকার। একথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। রবিবার (২৬ ফেব্রয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক উপদেষ্টা এস এ মালেক স্মারক আলোচনায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন। তিনি ভারচুয়াল প্লাটফরমে আলোচনা সভায় যোগ দেন। ডা. মালেক ২০২২ সালের ৬ ডিসেম্বর মারা যান।
শেখ হাসিনা বলেন, “পুরো বিশ্ব যখন কোভিড-১৯ এবং ইউক্রেন যুদ্ধ সহ অন্যান্য কারণে সৃষ্ট মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমাদের প্রচেষ্টা আমাদের অর্থনীতিকে সচল রাখা। আমরা এটি করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।”
আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশ গড়ছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। বলেন, “আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে পেরেছি। একদিন এই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।”
ডা. মালেকের অবদানের কথা স্মরণ করেন শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধের চেতনা বহনে তিনি সবসময় আন্তরিক ছিলেন।