দলীয় সরকারের অধীনে নির্বাচনের পদক্ষেপ প্রতিহত করা হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ঢাকা জেলা শাখা আয়োজিত মিছিল শুরুর আগে, নবাবগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬ ফেব্রয়ারি, ২০২৩।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তার দল এবার দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করবে। রবিবার (২৬ ফেব্রয়ারি) বিএনপির ঢাকা জেলা শাখা আয়োজিত মিছিল শুরুর আগে, নবাবগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “তারা (সরকার) আগের মতোই নির্বাচন (জাতীয় নির্বাচন) করতে চায়। তারা আবার আগের মতো কারচুপি করবে। আমরা রুখে দাঁড়াবো এবং প্রতিরোধ করবো। আমাদের অস্তিত্ব ও অধিকারের স্বার্থে এবং বাংলাদেশ ও এর জনগণকে রক্ষার জন্য এটি করতে হবে।”

বিএনপি মহাসচিব বলেন, “জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার মতো অন্যায় আর বরদাস্ত করা যায় না। আমাদের ওপর বারবার হামলা ও মারধর করা হচ্ছে। আমরা আর মার খেতে রাজি নই।” তিনি বলেন, “নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। কিন্তু এখন তা হচ্ছে না। তারা (আ.লীগ) তাদের ভোট এবং আপনাদের ভোটও দিতে চায়।”

নিরপেক্ষ সরকারের অধীনে বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের ভোটে আবার ক্ষমতায় এলে, তাদের দলের কোনো আপত্তি থাকবে না বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।