শিশুদের খেলাধুলায় উৎসাহিত করুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ ইয়ুথ গেম-২০২৩ এর ফাইনাল রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ ফেব্রয়ারি, ২০২৩।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের মন ও মেধাকে ফুটিয়ে তুলতে, তাদের মধ্যে খেলাধুলার প্রসারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। শেখ হাসিনা বলেন, “আমরা তাদের মধ্যে খেলাধুলা যত ছড়িয়ে দিতে পারবো, আমাদের শিশুদের মন এবং প্রতিভা ততই বিকাশ লাভ করবে। তাদের শারীরিক স্বাস্থ্য আরো উন্নত হবে এবং তাদের মন উদার হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ ইয়ুথ গেম-২০২৩ এর ফাইনাল রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে, ২ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত আন্তঃউপজেলা ও আন্তঃজেলা পর্বের সমাপ্তির পর, রবিবার (২৬ ফেব্রয়ারি) সপ্তাহব্যাপী ফাইনাল রাউন্ডের উদ্বোধন করা হয়।

শেখ হাসিনা বলেন, “খেলাধুলা তরুণদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে, যা তাদের খেলাধুলা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আরো সমৃদ্ধি ও দক্ষতা অর্জনে সহায়তা করবে। এ কারণেই সরকার খেলাধুলা ও প্রতিযোগিতার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে।”

প্রধানমন্ত্রী বলেন, “সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি, দক্ষ খেলোয়াড় তৈরির মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি ক্রীড়াবিদদের অংশগ্রহণ আরও বাড়াতে চায়।”