গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও সামাজিক ন্যায়বিচারের জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শুক্রবার (৩ মার্চ) হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার সহধর্মিণী মিসেস ভার্মা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করেন।
এই সফরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সমাধি সৌধে রাখা পরিদর্শন বইয়ে লিখিত মন্তব্যে হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের ইতিহাসে মার্চ মাসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। ভারত ও বাংলাদেশের অংশীদারিত্বমূলক উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া, হাই কমিশনার প্রণয় ভার্মা জাদুঘরে বঙ্গবন্ধুর জীবন ও গৌরবময় পরম্পরা এবং বাংলাদেশের স্বাধীনতা ও অগ্রগতির জন্য তার ত্যাগস্বীকারের চিত্রকর্ম পরিদর্শন করেন।
তিনি আরো উল্লেখ করেন, “গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও সামাজিক ন্যায়বিচারের জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। তার গৌরবময় পরম্পরা ভারত ও বাংলাদেশ সম্পর্কের জন্য একটি আলোর দিশা এবং বাংলাদেশের সঙ্গে ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় অবিচল অংশীদারিত্বের চালিকাশক্তি হিসেবে কাজ করে।”