এস. জয়শঙ্করের সঙ্গে আব্দুল মোমেনের বৈঠক, পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে হাত মেলাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন। শুক্রবার (৩ মার্চ) নয়াদিল্লিতে তারা দ্বিপক্ষীয় এই বৈঠকে মিলিত হন।

এসময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী কুশল বিনিময় করেন এবং দ্বিপক্ষীয় স্বার্থের বিষয়ে আলোচনা করেন বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জি-২০ এফএমএম এবং রাইসিনা ডায়ালগ ২০২৩ এর সাইডলাইনে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের পর, জয়শঙ্কর এক টুইটে লিখেছেন, “বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে, প্রতিবেশী সর্বদা সবার আগে।”

ড. মোমেন তার ব্রাজিলিয়ান এবং সুইডিশ সমকক্ষদের সঙ্গেও পৃথক বৈঠক করেছেন এবং সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। নয়া দিল্লিতে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) কাউন্সিলের বর্তমান সভাপতি। তারা পারস্পরিক স্বার্থের বিষয় এবং সহযোগিতার নতুন খাত নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (২ মার্চ) নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।