খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি ৭ দিনের জন্য স্থগিত

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি ৭ দিনের জন্য স্থগিত।

বাংলাদেশের খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি শেখ বাহারুল আলম এ ঘোষণা দেন। ঘোষণায় চিকিৎসকদের কর্মক্ষেত্রে যোগদানের আহ্বান জানানো হয়।

শনিবার সকাল দশটায় বিএমএ ভবনে সংগঠনটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, প্রশাসন ডাক্তারদের দাবি বাস্তবায়ন করবে। বৈঠকে খুলনা বিএমএ এবং চিকিৎসকদের অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডা. নিশাত আবদুল্লাহ’র ওপর হামলার প্রতিবাদে গত বুধবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন খুলনার চিকিৎসকরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জরুরি সভা শেষে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন সংগঠনের জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম।