বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় ২ জন আক্রান্ত

বাংলাদেশের রাজধানী ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জ্বর কমানোর জন্য এক ডেঙ্গু রোগীর কপালে পানি ঢালছেন তার এক স্বজন। (ফাইল ছবি)

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার(৪ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গু সংক্রমিত হয়েছেন দুই জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে একজন ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যজন ভর্তি হয়েছেন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে এখন ডেঙ্গু আক্রান্ত ২৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১২ জন ঢাকায় এবং ১৬ জন সংশ্লিষ্ট জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ৩৫৭ জন ঢাকায় এবং ৩৯৭ জন বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হন।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৭১৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৩৯ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৭৮ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। এছাড়া, চলতি বছর ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।