বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতার ফাউন্ডেশন-এর সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন শেখা মোজা বিনতে নাসের। সোমবার (৬ মার্চ) দোহায়, ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা ও স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
বৈঠকে শেখা মোজা বাংলাদেশের ১৭ কোটি মানুষের উন্নয়নে শেখ হাসিনার অসামান্য নেতৃত্বের প্রশংসা করেন বলে সাংবাদিকদের ব্রিফিংকালে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ড. মোমেন জানান যে শেখা মোজা বলেছেন, “আপনি (শেখ হাসিনা) অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছেন।” এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখা মোজাকে জানান যে তিনি জনগণের জন্য কাজ করেন।
ড.মোমেন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “এটা আমার বাবার স্বপ্ন ছিল। তার স্বপ্ন পূরণের চেষ্টা করছি। আমি অসাধারণ কিছু করিনি।”
শেখা মোজা জানতে চেয়েছিলেন নারী ও শিশুদের জন্য বাংলাদেশ কী করছে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ও স্বাস্থ্য খাতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ; বিশেষ করে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তারের জন্য শিক্ষার্থীদের জন্য বৃত্তি, উপবৃত্তি এবং বিনামূল্যে বই বিতরণের বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, “মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে।”
বৈঠকে কাতার ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশে পরিচালিত কার্যক্রম নিয়েও আলোচনা হয়। কাতার ফাউন্ডেশন ফর এডুকেশন, সায়েন্স অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট হলো কাতারের একটি রাষ্ট্রীয় নেতৃত্বাধীন অলাভজনক সংস্থা। ১৯৯৫ সালে তৎকালীন আমির হামাদ বিন খলিফা আল থানি এবং তার স্ত্রী মোজা বিনতে নাসের এটি প্রতিষ্ঠা করেছিলেন।