বিস্ফোরণের পর গুলিস্তান এলাকার সিদ্দিক বাজারের ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “কারণ এর নিচতলাটি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে”।
আসাদুজ্জামান খান বলেন, “ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং এর ওপর চাপ সৃষ্টি হলে পুরো ভবনটি ধসে পড়তে পারে। তাই স্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বেসমেন্টে উদ্ধার অভিযান শুরু করা উচিত”।
বুধবার (৮ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, “বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হলে বিস্ফোরণের পর ভবনের ক্ষয়ক্ষতি এতটা হতো না”।
বিস্ফোরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
তিনি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার যথাযথ অনুমোদন ছাড়া ভবন নির্মাণ থেকে বিরত থাকার জন্য ভবন নির্মাণকারীদের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার রাজধানী ঢাকার গুলিস্তান এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের কাছে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও শতাধিক আহত হন।
আহতদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন।