গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণ গ্যাস লিকেজ থেকে হয়নি—তিতাস গ্যাস

ঢাকার গুলিস্তানে সিদ্দিকবাজারের একটি ভবনের ভিতরে বিস্ফোরণের পরে ধ্বংসাবশেষের মধ্যে দমকলকর্মীরা কাজ করছেন। (ছবি রেহমান আসাদ/এএফপি)

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ঢাকার গুলিস্তান এলাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণের সঙ্গে গ্যাস লিকেজের কোনো সম্পর্ক নেই।

বুধবার (৮ মার্চ) বিকেলে বিস্ফোরণস্থল পরিদর্শনের পর তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) সেলিম মিয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “প্রাথমিক তদন্তে আমাদের অনুসন্ধানে ইঙ্গিত করা হয়েছে যে, বিস্ফোরণের সঙ্গে গ্যাস লিকেজের কোনো সম্পর্ক নেই”।

তিনি বলেন, “মঙ্গলবার বিস্ফোরণের পর আংশিক ক্ষতিগ্রস্ত ভবনে গ্যাসের কোনো উপস্থিতি খুঁজে পায়নি তিতাসের দল”।

তিনি বলেন, “দলটি পুরো এলাকা পরীক্ষা করে দেখেছে। কিন্তু কোনো প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি পাওয়া যায়নি”।

সেলিম মিয়া সাংবাদিকদের বলেন, “বিল্ডিংটিতে একটি গ্যাস-রাইজার ছিল, কিন্তু সেটি অক্ষত ছিল। দ্বিতীয়ত, যদি কোনো গ্যাস লিকেজ হতো তাহলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত”।

উল্লেখ্য, মঙ্গলবার গুলিস্তান এলাকার সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের কাছে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত এবং শতাধিক আহত হন।

আহতদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন।

সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে।

ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-অতিরিক্ত পরিচালক শাহজাহান সিকদার।