লক্ষ্মীপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত

লক্ষ্মীপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় শাখার কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগের চন্দ্রগঞ্জ ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে কাজী সোলায়মান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ দুই পক্ষের ১২ জনকে আটক করেছে।

আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেন, চন্দ্রগঞ্জ থানার এসআই আবদুর রহিম ও কনস্টেবল মোজাম্মেল হোসেন এবং ছাত্রলীগের চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমানের ভাই আকবর হোসেন।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় আওয়ামী লীগের চন্দ্রগঞ্জ ইউনিয়ন শাখার নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। এ সময় ওই মিছিলে ছাত্রলীগের চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমানের নেতৃত্ব হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ করে।

মাসুদুর রহমান আওয়ামী লীগের চন্দ্রগঞ্জ ইউনিয়ন শাখার সাবেক সম্পাদক কাজী সোলায়মানের অনুসারী বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার এম মাহফুজ্জান আশরাফ বলেন, “আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে ৫ জন পুলিশ আহত হয়েছে। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের দুই পক্ষের মোট ১২ জনকে আটক করা হয়েছে”।