গাজীপুরে শিক্ষা সফরের বাসে আগুন, আহত ১০ জন

বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুরে শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি বাসে আগুন লাগলে অন্তত ১০ জন আহত হন। ৭২ জন শিক্ষার্থী ও শিক্ষক বহনকারী বাসটি শিক্ষা সফর থেকে ফিরছিলো। আগুন লাগার পর বাস থেকে নামার সময় এরা আহত হন।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় গাজীপুরের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আগুনের সুত্রপাত হলে, বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বাস থেকে লাফিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, আধ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো।

গাজীপুর মহানগরের হাড়িনাল এলাকার অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী জানান, “বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকার ড্রিম হলিডে পার্কে শিক্ষাসফর শেষে, সেখান থেকে ফেরার পথে মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় পৌঁছে উড়াল সেতুতে উঠার সময় হঠাৎ পেছন থেকে ধোঁয়া দেখা যায় এবং দ্রুত আগুন বাসে ছড়িয়ে পরে। এ সময় বাস থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়। বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২ জন ছিলেন।”

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, “বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো প্রাণহানি নেই।”

আগুনের কারণ সম্পর্কে, স্কুল, ফায়ার সার্ভিস বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হয়নি।