সংবাদপত্রের স্বাধীনতা ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ক্ষমতাসীনরা: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের স্বার্থে দেশের অর্থনীতি, সংবাদপত্রের স্বাধীনতা এবং শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে।” শুক্রবার (১০ মার্চ) দুপুরে সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “১৯৭২ সালে এদেশের মানুষ যে সংবিধান রচনা করেছিলেন, সেটাকে বারবার কাটাছেঁড়া করে, একটা অকার্যকর সংবিধান তৈরি করা হয়েছে। বাহাত্তরের সংবিধানের মূল ভিত্তি নষ্ট করে দেওয়া হয়েছে। তারা যখনই সুযোগ পেয়েছে সংবিধানকে ধ্বংস করেছে।”

তিনি বলেন, এই সরকারের একটাও ভালো কাজ নেই, তারা এই দেশের সমাজকে পুরোপুরি বিভক্ত করে ফেলেছে এবং একটা দূষিত সমাজে পরিণত করেছে।” মির্জা ফখরুল বলেন, দেশে আজ ভয়াবহ নির্যাতন নিপীড়ন চলছে। আমাদের আন্দোলন শুরু হয়েছে আগস্ট থেকে। এ পর্যন্ত ১৭ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন। জীবিত প্রায় সকল নেতাকর্মী বিভিন্ন মামলায় অভিযুক্ত।

“দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির হয়েছে। বিদ্যুৎ খাতে লুট হচ্ছে। আদানির সঙ্গে চুক্তিতে দেড় লাখ কোটি টাকা লোকসান হবে। চুক্তির ফলে বিদ্যুতের দাম দ্বিগুণ হবে। ৭০ টাকায় বিক্রি হচ্ছে মোটা চাল, মিহি চাল ১৭০ টাকা, ডিমের দাম ৩/৪ গুন বেড়েছে। জনগণের নাভিশ্বাস উঠেছে। অথচ সরকার মুখে বাগাড়ম্বর করছে। তারা নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিয়েছে;” উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।