বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) সৌদি আরবের বিনিয়োগ বাড়ানোর জন্য জমি প্রদানের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় ঢাকা সফররত সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি-এর নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এবিষয়ে অবহিত করেন। তিনি জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশে একটি তেল শোধনাগার স্থাপনের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান; যেখানে অপরিশোধিত তেল সহ সব ধরনের তেল পরিশোধন করা যাবে।
প্রেস সচিব আরো জানান যে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে সৌদি মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। ইহসানুল করিম জানান, সৌদি আরবের প্রধান বিনিয়োগকারীরা বাংলাদেশে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে তিনি আমলাতান্ত্রিক বিলম্বের সমাধান করে বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন যে তিনি ইতোমধ্যে কর্মকর্তাদের বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। শেখ হাসিনা আরো জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোতে বিশাল বাজার রয়েছে। তার সরকার নৌপথসহ সব ধরনের যোগাযোগ স্থাপনের মাধ্যমে পণ্য পরিবহন সহজ করতে কাজ করে যাচ্ছে। তার সরকার নদীগুলোর নাব্যতা বৃদ্ধির জন্য ড্রেজিংয়ের পদক্ষেপ গ্রহণ করেছে।
শেখ হাসিনা বলেন, তার সরকার সৌদি আরবে যাওয়ার আগে বাংলাদেশি শ্রমিকদের ভালোভাবে আরবি ভাষা জানার সুবিধার্থে একটি আরবি ভাষা ইনস্টিটিউট গড়ে তুলতে চায়; তারা যাতে সহজেই আরবি ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে।
সৌদি মন্ত্রী বলেন যে তাদের ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফরের জন্য আগ্রহী। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে অভ্যর্থনা জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
সৌদি মন্ত্রী ওমরাহ পালনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের দ্রুত উন্নয়নের প্রশংসা করেন।
ড. মাজিদ বলেন যে বাংলাদেশে সৌদি বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারি।” গত ১০ মাসে সাড়ে ছয় লাখ বাংলাদেশি চাকরি নিয়ে সৌদি আরবে গেছেন বলেও উল্লেখ করেন সৌদি মন্ত্রী।