গুলিস্তানে বিস্ফোরণ: আরো একজনের মৃত্যু, প্রাণহানির সংখ্যা বেড়ে ২৩

ঢাকা মহানগরীর গুলিস্তান এলাকার বিআরটিসি বাস কাউন্টারের কাছে পাঁচতলা এই ভবনে আচমকা বিস্ফোরণ ঘটে। ৭ মার্চ, ২০২৩। (ফাইল ছবি)

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তান এলাকার সিদ্দিকবাজারে একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণে আহত আরো একজনের মৃত্যু হওয়ায়, শনিবার(১১ মার্চ) মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

নিহত ব্যক্তির নাম মির্জা আজম (৩৬)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার শাহজাহান মির্জার ছেলে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন আজম। পাঁচতলা ভবনের একটি স্যানিটারি সামগ্রীর দোকানে কাজ করতেন তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, “আজ (১১মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।”

গত ৭ মার্চ ঢাকা মহানগরীর গুলিস্তান এলাকার বিআরটিসি বাস কাউন্টারের কাছে পাঁচতলা ভবনে ঐ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সিদ্দিকবাজারের ঐ ভবনের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করার পর, তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।