বরিশালে নৌ-পুলিশের ওপর হামলা: ৫০ জেলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বরিশালের মেহেন্দিগঞ্জে সবুজ পরিবেশে সকালের কুয়াশার মধ্যে জলে মাছ ধরার নৌকার প্রাকৃতিক দৃশ্য। (ফাইল ছবি)

বাংলাদেশের ব‌রিশা‌ল জেলার হিজলা থানা এলাকার মেঘনা নদীতে নৌ-পুলিশের ওপর হামলার ঘটনায় ৫০ জন জেলেকে অভিযুক্ত করে মামলা হয়েছে। শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় হিজলা থানায় এই মামলা দায়ের করা হয়।

এর আগে দিনভর অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত আট জেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা। গ্রেপ্তার জেলেরা হলেন; হিজলা উপজেলার চর মেমানিয়া গ্রামের মৃত জাবেদ আলী মাঝির ছেলে আ. রাজ্জাক মাঝি (৫৮), একই এলাকার আমির হোসেন দর্জির ছেলে বশির হোসেন দর্জি (১৯), চর কুশরিয়ার জাকির রাঢ়ির ছেলে ইসমাইল রাঢ়ি (১৯), একই এলাকার ইউসুফ সর্দারের ছেলে সাব্বির হোসেন (১৯), গঙ্গাপুরের রাজ্জাক সরদারের ছেলে রাকিব সর্দার (১৯), একই এলাকার আ. রাজ্জাক চৌকিদারের ছেলে পারভেজ চৌকিদার (৫০), হিজলার চরজানপুর এলাকার আ. মন্নান মাতবরের ছেলে শাহীন মাতবর (২১) ও গোসাইরহাটের নান্নু মুন্সী কান্দি এলাকার আজারুল ঢালীর ছেলে রুবেল ঢালী (২৮)।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা ব‌লেন, “নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় সরকারি কাজে বাধা দেওয়া ও হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত ও সাধারণ জখমের অভিযোগ আনা হয়েছে। মামলায় নাম উল্লেখ করে ২৭ জন ও অজ্ঞাতনামা ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।”

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় মেঘনা নদীর অভয়াশ্রমে ৭নং ঘাট এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় অভিযানকালে পু‌লি‌শের ওপর হামলা করে জে‌লেরা। ঐ ঘটনায় আহত হন হিজলা নৌ-পুলিশ ফাঁ‌ড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ চন্দ্রসহ অন্তত ১৬ জন।