বাংলাদেশে ৩ জনের ডেঙ্গু শনাক্ত

বাংলাদেশের ঢাকার অত্যন্ত দূষিত হাজারীবাগ ট্যানারি এলাকায় একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর কপালে পানি ঢালছেন তার এক স্বজন। (ফাইল ছবি)

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্ত ৩ জনই ঢাকার। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৪ জন ঢাকার মধ্যে এবং ১০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪০৭ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৭৬৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৬৯ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৯৭ জন ঢাকার বাইরের অন্য জেলার বাসিন্দা।

চলতি বছর ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু অপরিবর্তিত রয়েছে।