চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে পিবিআই

আবিদা সুলতানা আয়নী

বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেসের চিকেন ফার্ম এলাকা থেকে স্কুলে যাওয়ার সময় অপহৃত ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) নাঈমা সুলতানা জানান, মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাতে একটি পুকুর থেকে অপহৃত আবিদা সুলতানা আয়নীর লাশ উদ্ধার করা হয়েছে।

এ মামলার প্রধান সন্দেহভাজন রুবেলকে জিজ্ঞাসাবাদ করে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পুকুর থেকে আবিদার লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি। তিনি বলেন, পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২১ মার্চ চতুর্থ শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। কাজীর দীঘির সাগরিকা রোড এলাকায় পৌঁছলে স্থানীয় সবজি বিক্রেতা রুবেল তাকে বিড়াল ছানা দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। যা সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।