কক্সবাজারে মাটি চাপায় ৩ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার জেলার উখিয়ায় পাহাড় কাটার সময় পাহাড়ের মাটি ধসে মাটি চাপায় ৩ জন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৯ মার্চ) ভোর ৭টার দিকে উখিয়া সদরের মুহুরিপাড়া এলাকায় পাহাড় কাটার সময় মাটি ধসের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন—১ নম্বর পূর্ব রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের পুত্র জাহিদ হোসেন (২৩) ও ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের পুত্র ছৈয়দ আকবর (২০) এবং অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে ওপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনা অংশের পাহাড়ের মাটি ধসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন।

খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অন্য ২ জনের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার তৎপরতায় নিয়োজিত উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পাহাড়ের মাটির নিচে আর কেউ মাটি চাপা পড়ে আছে কি না তা জানতে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতদের লাশ উখিয়া থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।