জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিক শামসকে ছেড়ে দেওয়া হয়—স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, “প্রথম আলোয় ২৬ মার্চ প্রকাশিত প্রতিবেদন নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ছেড়ে দেয়। এরপর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা হওয়ার পর তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও মামলা হচ্ছে বলে আমরা শুনেছি”।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিককে আটক রাখা এবং ২০ ঘণ্টা পর্যন্ত কোনো তথ্য না পাওয়া সম্পর্কে আসাদুজ্জামান খান বলেন, “আমি গতকাল স্পষ্ট করে বলেছি, একটা সংবাদের ভিত্তিতে দুই-একটা মামলা হচ্ছে বলে আমি শুনেছি। কিন্তু মামলাগুলো কোথায়-কখন হচ্ছে সেটার বিস্তারিত তথ্য আমার কাছে এখন পর্যন্ত নেই”।

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, “যেসব সাংবাদিক সত্য তথ্যের ভিত্তিতে সংবাদ করেন, তাদের ভয় পাওয়ার দরকার নেই”।
উল্লেখ্য, বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন আমবাগান এলাকার বাসা থেকে শামসকে সাদা পোশাকে সিআইডি তুলে নিয়ে যায়।

বিকেলে দৈনিক প্রথম আলোতে ‘মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন’ প্রকাশের অভিযোগে শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের এক নেতা।

বৃহস্পতিবার ঢাকার একটি আদালত শামসের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।