বাংলাদেশের ৫ সিটি করপোরেশনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসি

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সোমবার (৩ এপ্রিল) পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সিটি কর্পোরেশন গুলো হলো; গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট। তফসিল অনুযায়ী, গাজীপুরে ২৫ মে, খুলনা ও বরিশালে ১২ জুন এবং রাশাহী ও সিলেটে ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজধানী ঢাকার আগারগাঁও-এর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “পাঁচটি সিটিতে প্রচলিত ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট পর্যবেক্ষণের জন্য ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হবে। শহরগুলোতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।” পাঁচ সিটি নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তারাই রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান সচিব।

নির্বাচনী তফসিল অনুযায়ী গাজীপুর সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

খুলনা ও বরিশাল সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে। দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা ও বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।

রাজশাহী ও সিলেট সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৫ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন রাজশাহী ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।

আইন অনুযায়ী, কোনো সিটি করপোরেশন এবং অন্যান্য স্থানীয় সংস্থার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে ।স্থানীয় সংস্থার মেয়াদ শুরু হয় নির্বাচিত প্রতিনিধিদের প্রথম অধিবেশনের দিন থেকে।

সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় গাজীপুর সিটিতে ২০১৮ সালের ২৬ জুন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে ২০১৮ সালের ৩০ জুলাই এবং খুলনা সিটিতে ২০১৮ সালের ১৫মে।