বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস সোমবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ড মোমেনের সঙ্গে দেখা করেন এবং আগামী জাতীয় নির্বাচনসহ বাংলাদেশে চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এসময় আব্দুল মোমেন বাংলাদেশের অঙ্গীকারের কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অব্যাহত সহযোগিতার ওপর জোর দেন। তারা এসডিজি শীর্ষ সম্মেলনসহ জাতিসংঘে আসন্ন গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলো নিয়ে আলোচনা করেন।
গুয়েন লুইস জানান, এসডিজি বাস্তবায়নে, বিশেষ করে বাংলাদেশ কর্তৃক নির্ধারিত কিছু অগ্রাধিকারের ক্ষেত্রে,জাতিসংঘ বাংলাদেশকে আরো সহায়তা দিতে আগ্রহী। বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চলমান প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা করার জন্য জাতিসংঘ, বিশেষ করে ইউএনএইচসিআরের প্রতি আহ্বান জানান। মোমেন ভাসানচরে মানবিক কার্যক্রমে জাতিসংঘের আরো সম্পৃক্ততা কামনা করেন।
গুয়েন লুইস প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিবের নতুন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি সম্প্রতি দোহায় সমাপ্ত এলডিসি-৫ শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা করেন এবং স্বল্পোন্নত দেশসমূহের ইস্যুতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।