বাংলাদেশে মার্চ-এ মূল্যস্ফীতি ছিলো ৯.৩৩ শতাংশ, ৭ মাসের মধ্যে সর্বোচ্চ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য উদ্ধৃত করে পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে যে বাংলাদেশে মার্চ মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ, যা বিগত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। বিবিএস অনুসারে, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ফেব্রুয়ারি-তে ছিলো আট দশমিক ৭৮ শতাংশ; যা জানুয়ারিতে ছিলো আট দশমিক ৫৭ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি জনগণকে তাদের ব্যয় কমাতে বাধ্য করে এবং স্থির ও সীমিত আয়ের জনগোষ্ঠীকে কেনাকাটা কমিয়ে ফেলতে হয়।

ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে খাদ্যে আট দশমিক ১৯ শতাংশ এবং খাদ্য-বহির্ভূত পণ্যে ৯ দশমিক ৯৮ শতাংশ মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছে। এই সময় নগরীতে খাদ্য-পণ্যের মূল্যস্ফীতি ছিলো সাত দশমিক ৯৮ শতাংশ এবং খাদ্য-বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ছিলো ৯ দশমিক ৬১ শতাংশ।

এর আগে, গত বছরের আগস্টে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে উঠেছিল। গত ১১ দশমিক ৯ বছরে (১৪৪ মাস) মূল্যস্ফীতির এই হার ছিলো সর্বোচ্চ। ২০১১ সালের মে মাসে, মূল্যস্ফীতির সর্বোচ্চ হার ছিলো ১০ দশমিক ২০ শতাংশ। এরপর কখনোই মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি হয়নি।

২০২২ সালের আগস্টের পর, মুদ্রাস্ফীতির হার আবার কমতে থাকে। চলতি বছরের জানুয়ারিতে তা কমে আট দশমিক ৫৭ শতাংশে দাঁড়ায়। সর্বশেষ হিসাব অনুযায়ী, শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতির চাপ এখনো বেশি।