ঢাকায় যাত্রীদের জন্য মেট্রোরেলের ৬ ঘণ্টা চলাচল শুরু

ঢাকায় মেট্রোরেলে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে আরও বেশি সেবা প্রদানের লক্ষ্যে বুধবার (৫ এপ্রিল) থেকে সময় পরিবর্তন করা হয়েছে। বুধবার থেকে মেট্রোরেল প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৬ ঘণ্টা যাত্রীদের জন্য চলাচল শুরু করেছে।

এর আগে ঢাকা মেট্রোরেলের কার্যক্রম ছিল সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। বর্তমানে মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের সবগুলো স্টেশনেই ট্রেন থামছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গত ৩০ মার্চ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চলতি বছরের জুলাই মাস থেকে পুরোদমে চলাচল শুরু করবে ঢাকা মেট্রোরেল এবং এরপর ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ট্রেন।

ডিএমটিসিএলের তথ্য অনুসারে, ২০২৪ সালের শেষ নাগাদ মতিঝিল পর্যন্ত এবং ২০২৫ সালের মধ্যে কমলাপুর পর্যন্ত ঢাকা মেট্রোরেল চলাচল শুরু হতে পারে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন।