ঢাকার কয়েকটি মার্কেট ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে—ফায়ার সার্ভিসের ডিজি মাইন উদ্দিন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের প্রধান ফটকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের ডিজি মাইন উদ্দিন

বাংলাদেশের রাজধানী ঢাকার গাউসিয়া ও রাজধানী সুপার মার্কেটসহ কয়েকটি মার্কেট ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় জরিপ করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

বুধবার (৫ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের প্রধান ফটকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. মাইন উদ্দিন বলেন, “বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা অনুসরণ করে এসব মার্কেটে প্রবেশ ও প্রস্থান পয়েন্ট আছে কি না তা খতিয়ে দেখতে কাল (বৃহস্পতিবার) থেকে আমরা একটি জরিপ শুরু করব”।

তিনি আরও বলেন, মার্কেটের মালিকদের নিয়ে জরিপ করা হবে এবং তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হবে।

বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, বঙ্গবাজার মার্কেটের আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এখনো কাজ করছে।