বাংলাদেশের ১৫৫ রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ধুঁকছে আয়ারল্যান্ড

ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে টেস্ট ক্রিকেট ম্যাচের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডের পিটার মুরকে একটি শট খেলতে দেখছেন বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস। ৫ এপ্রিল, ২০২৩। মুনির উজ জামান/এএফপি

চলমান ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দশম টেস্ট সেঞ্চুরি করেছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। বুধবার (৫ এপ্রিল) তাঁর সেঞ্চুরিতে টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ১৫৫ রানের লিড নেয় বাংলাদেশ।

বুধবার স্কোর বোর্ডে ৩৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। মঙ্গলবার দিনের শেষ বলে তামিম ইকবালের উইকেট নেওয়ার পর বুধবার দিনের শুরুতেই মুমিনুল হকের উইকেট নিয়ে উজ্জীবিতই ছিল আয়ারল্যান্ড। তৃতীয় ওভারে মুমিনুল হক বোল্ড হন মার্ক অ্যাডাইরের বলে।

এরপর সাকিব ও মুশফিকের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সাকিব ও মুশফিকের জুটিতে ওঠে ১৮৮ বলে ১৫৯ রান। যা স্বাগতিকদের প্রাথমিক ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করে। এ ছাড়া, সাকিব–মুশফিক জুটি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি জুটির তালিকায় জাভেদ ওমর ও হাবিবুল বাশারকে ছুঁয়ে ফেলেন।

সাকিব মাত্র ১৩ রানের কারণে তার সেঞ্চুরি মিস করেন। অ্যান্ডি ম্যাকব্রাইনের হাতে তিনি আউট হন। পরের জুটিতে মুশফিক ও লিটন দাস যোগ করেন ৮৭ রান। তবে ৭ রানের জন্য লিটন ফিফটি মিস করেন।

বাংলাদেশ ১০২ রানের লিড নিয়ে চা-বিরতিতে গিয়েছিল। তবে বিরতির পর মুশফিক বেশিক্ষণ টেকেননি। ম্যাকব্রাইনের করা বল তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচে পরিণত হন তিনি। এরপর দ্রুতই আউট হন তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম। শরীফুলের উইকেট দিয়ে আয়ারল্যান্ডের প্রথম স্পিনার হিসেবে টেস্টে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ম্যাকব্রাইন। তাঁর ৬ষ্ঠ শিকার হন ইবাদত। এরপর বাংলাদেশের হয়ে লড়াই চালিয়ে যান মিরাজ। তিনি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পান। ৮০ বলে ৫৫ রান করেন মিরাজ। বেন হোয়াইটের বলে মিরাজ স্টাম্পিং হলে শেষ পর্যন্ত ৩৬৯ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। ম্যাকব্রাইন ৬ উইকেট নেন ১১৮ রানে।

বাংলাদেশের ১৫৫ রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ধুঁকছে আয়ারল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ২৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। সাকিব ও তাইজুল ২টি করে উইকেট নিয়েছেন।

এর আগে আয়ারল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম টেস্ট ইনিংসে ২১৪ রান করে এবং বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৫ উইকেট লাভ করেন।