সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয় সংসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। এটি একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশনও।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টার দিকে অধিবেশন শুরু হয়।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে একটি স্মারক ভাষণ দেওয়ার কথা রয়েছে। যেখানে তিনি দেশের অর্জন ও সংসদের ভূমিকা তুলে ধরবেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, সংসদ সদস্যদের আলোচনার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর একটি প্রস্তাব গৃহীত হবে।

তিনি ১৯৭৩ সালের ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের যাত্রা শুরুকে একটি স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এরই ধারাবাহিকতায় আমরা ২০২৩ সালে সংসদের সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। এ জন্যই ৭ এপ্রিল সংসদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন”।

এর আগে গত ২১ মার্চ রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদের ২২তম অধিবেশন আহ্বান করেন।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটি স্পিকারের সভাপতিত্বে বৈঠক করে অধিবেশনের সময়কাল ও কার্যাবলী নির্ধারণ করে।

জাতীয় সংসদের ২২তম অধিবেশনের ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশনের জন্য বৃহস্পতিবার পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সদস্যরা হলেন; এইচ এন আশিকুর রহমান, আসাদুজ্জামান নূর, মো. মকবুল হোসেন, কাজী ফিরোজ রশীদ ও কানিজ ফাতেমা আহমেদ।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে তাঁদের নাম ঘোষণা করেন।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তাঁরা কালানুক্রমিক সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।