ইংল্যান্ডের এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন মাশরাফি

মাশরাফি বিন মোর্তাজা- ফাইল ফটো- এপি

ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। খেলোয়াড় হিসেবে তিনিই প্রথম বাংলাদেশি যিনি এই সদস্যপদ পেলেন।

এর আগে অবশ্য বাংলাদেশ থেকে এমসিসির সম্মানসূচক এই সদস্যপদ পেয়েছিলেন ক্রিকেট প্রশাসনের সঙ্গে জড়িত দুজন। বিসিবির সাবেক সহসভাপতি প্রয়াত রাইসউদ্দিন আহমেদ ছিলেন এমসিসির সদস্যপদ পাওয়া প্রথম বাংলাদেশি। এরপর সদস্যপদ পান সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী।

চলতি বছর এমসিসির আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে ১৯ জনকে। ১৯ জনের মধ্যে ১৭ জন ক্রিকেটার। বাকি দুজন ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব। এ দুজন সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন ক্রিকেটে তাদের অবদানের কারণে।

বুধবার (৫ এপ্রিল) ক্লাবটি এই সম্মানসূচক আজীবন সদস্যপদ প্রদানের কথা ঘোষণা করে।

২০২৩ সালে যাদের এমসিসির আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে তারা হলেন; বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা (২০০১-২০২০), ওয়েস্ট ইন্ডিজের মেরিসা আগুইলেইরা (২০০৮-২০১৯), ভারতের মহেন্দ্র সিং ধোনি (২০০৪-২০১৯), ঝুলন গোস্বামী (২০০২-২০২২), সুরেশ রায়না (২০০৫-২০১৮), মিতালি রাজ (১৯৯৯-২০২২) ও যুবরাজ সিং (২০০০-২০১৭), ইংল্যান্ডের জেনি গুন (২০০৪-২০১৯), লরা মার্শ (২০০৬-২০১৯), ইয়ন মরগান (২০০৬-২০২২), কেভিন পিটারসেন (২০০৫-২০১৪) ও আনিয়া শ্রাবসোল (২০০৮-২০২২), নিউজিল্যান্ডের অ্যামি স্যাটারথওয়েট (২০০৭-২০২২) ও রস টেলর (২০০৬-২০২২), পাকিস্তানের মুহাম্মদ হাফিজ (২০০৩-২০২১), দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন (২০০৪-২০২০) এবং অস্ট্রেলিয়ার র‌্যাচেল হেইনস (২০০৯-২০২২)

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসি প্রায় ২০০ বছর ধরে ক্রিকেটের অগ্রযাত্রায় বড় ভূমিকা পালন করে আসছে। ক্রিকেটের আইন প্রণয়নের একমাত্র কর্তৃত্ব তাদের।