বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে, সব উপজেলা ও থানায় শনিবার (৮ এপ্রিল) দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে। বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এবং আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে বলে বিএনপি জানিয়েছে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, দলের সিনিয়র নেতাদের অংশগ্রহণে সারাদেশের সব উপজেলা ও থানায় বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি সফল করতে ইতোমধ্যে তাদের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন উপজেলায় গেছেন বলেও জানান তিনি। রাজধানীতে বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখা ২৬টি থানায় এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখা ২৪টি থানায় এই কর্মসূচি পালন করবে।
এদিকে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি শনিবার বিকাল ৩টায় রাজধানীর পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত ১ এপ্রিল বিএনপি ও সমমনা দলগুলো ১০ দফা দাবিতে, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সব বিভাগীয় শহর ও জেলা শহরে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে।