বাংলাদেশের রাজধানী ঢাকায় আগুনে পোড়া বঙ্গবাজারের ব্যবসায়ীরা, মার্কেটের পাশের সড়ক ও ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়েছেন। শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে প্রায় ৮০০ ব্যবসায়ী তাদের পণ্য নিয়ে খোলা দোকান শুরু করেছেন। প্রধানত, বঙ্গবাজার মার্কেটের দক্ষিণ পাশে ফ্লাইওভারের নিচে তারা অস্থায়ী দোকান বসিয়েছেন।
গত মঙ্গলবারের ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা করতে পেরেছেন এমন কাপড় নিয়ে বসেছেন অনেক ব্যবসায়ী। দোকানের আশেপাশে ভিড় থাকলেও, বিক্রি বাড়েনি এখনো। ফ্লাইওভারের নিচে দোকানে বসে ছিলেন আয়নাল হোসেন। তিনি জানান বঙ্গবাজার মার্কেটে তার দু’টি দোকান রয়েছে। দু’টি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে।
আয়নাল হোসেন বলেন, “আমি কিছু জিনিস সরাতে পেরেছিলাম। সেগুলো এখানে নিয়ে এসেছি। এখনো বেচা-বিক্রি নেই, কারণ আমাদের নিয়মিত গ্রাহকরা দোকানের ঠিকানা জানেন না। আমরা কিভাবে এই ঈদ উদযাপন করবো তা একমাত্র আল্লাহই জানেন।”
বঙ্গবাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম। তার জিন্স ও শার্ট বিক্রির দোকান ছিলো। তিনি ফুটপাতে দোকান বসিয়েছেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন “সবকিছু শেষ, বাড়িতে খাবারের টাকা নেই। তাই, আমি ফুটপাথে দোকান বসাতে বাধ্য হয়েছি।”
গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে রাজধানী ঢাকার বঙ্গবাজারে আগুন লাগে। এই আগুনে বঙ্গবাজার, গুলিস্তান মার্কেট, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট ও এনেক্স টাওয়ার পুড়ে গেছে। আগুনে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।