গ্রেপ্তারের ৩ ঘন্টার মধ্যে ছাড়া পেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। (ফাইল ছবি)

বাংলাদেশের সিলেটে, গ্রেপ্তার হওয়ার তিন ঘন্টার মধ্যে ছাড়া পেলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরের সামনে থেকে মুক্তাদিরকে গ্রেপ্তার করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ।

মুক্তাদিরের আইনজীবীরা থানায় মুক্তাদিরের জামিনের কাগজপত্র প্রদর্শন করলে, শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তাকে ছেড়ে দেয়া হয়। মুক্তাদিরকে থানা থেকেই ছেড়ে দে য়ার তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস।

সুদীপ দাস বলেন, “যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয় তাতে মুক্তাদির জামিনে ছিলেন। গ্রেপ্তারের পর তার আইনজীবীরা থানায় রি-কল দেখালে সন্ধ্যার দিকে পুলিশ তাকে ছেড়ে দেয়। পুরনো একটি নাশকতার মামলায় মুক্তাদিরের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো। সে মামলায় বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।”

জানা যায়, গ্রেপ্তারের পর মুক্তাদিরকে কোতোয়ালি থানাতে রাখা হয়। সেখানে দলের নেতাকর্মীরা ভিড় করেন। ইফতারের আগ মূহূর্তে ছাড়া পান মুক্তাদির।

বিএনপি সূত্র জানায়, শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, সিলেটেও অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। এই কর্মসূচিতে অংশ নেয়ার জন্য সিলেটে আসেন মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির গত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।