দ্বিতীয় মামলায় জামিন পেয়েছেন প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান

প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামস। (ফাইল ছবি)

বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা আরেকটি মামলায় জামিন পেয়েছেন প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামস। রবিবার (৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদীর আদালতে আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধীতা করেন। দুইপক্ষের শুনানি শেষে বিচারক অভিযুক্ত শামসুজ্জামানের জামিন মঞ্জুর করেন।অভিযুক্ত পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজী ও প্রশান্ত কর্মকার। গত ২৯ মার্চ সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামে এক যুবলীগ নেতা বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা করেন।

একই দিন রাজধানীর রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে আর একটি মামলা করেন। রমনা মডেল থানার মামলায় গ্রেপ্তারের পর ৩০ মার্চ শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর ৩ এপ্রিল ২০ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে। মতিউর রহমান হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।