সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল পেছালো ৯৭ বার

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি। (ফাইল ছবি)

আবার পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ২২ মে প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো ৯৭ বার।

রবিবার (৯ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিলো। মামলার তদন্ত সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এর পর, ঢাকার মহানগর হাকিম রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট অভিযুক্ত আটজন। অপর অভিযুক্ত ব্যক্তিরা হলেন; বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানী ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি তাদের ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।