খরতাপ বিরাজ করছে বাংলাদেশে, বৃষ্টির সম্ভাবনা নেই: আবহাওয়া অফিস

খরতাপ বিরাজ করছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া অফিসের বুলেটিন অনুসারে, রবিবার (৯ এপ্রিল) ঢাকায় তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১০ এপ্রিল) ঢাকায় তাপমাত্রা অনুভুত হয় ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস-এর মতো।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে যে চলতি সপ্তাহে বাংলাদেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “চলতি সপ্তাহে বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।”

সোমবার রাজধানী ঢাকার বাইরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বদলগাছীতে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।সারাদেশেই দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।