বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমি’র আমন্ত্রণে আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল জাপানে সরকারি সফরে যাবেন। এই সফরে বেশ কিছু সহযোগিতা স্মারক সাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ও জাপান উভয় সরকারই আশা করছে, এই সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে। এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষষ্ঠ জাপান সফর। এর আগে, তিনি ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে জাপান সফর করেন।
জাপানে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপানের সম্রাট অভ্যর্থনা জানাবেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি শীর্ষ পর্যায়ের বৈঠক করবেন এবং পরে তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন।
সফরকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন এবং একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনা কয়েকজন জাপানি নাগরিকের হাতে ‘ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার’ তুলে দেবেন।
শেখ হাসিনা জাপান সফর শেষে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।